ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৮ মে) গভীর রাত আনুমানিক ২টার দিকে বেতওয়া নদীর ওপর মোরাকান্দার থেকে কান্দৌর গ্রাম পর্যন্ত নির্মাণাধীন সেতুর একটি অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় শ্রমিকরা সেতুর ওই অংশের নিচেই ঘুমিয়ে ছিলেন। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে হঠাৎ সেতুর একটি বিশালাকার স্ল্যাব ভেঙে তাদের ওপর পড়ে যায়।

হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অরবিন্দ কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, গভীর রাতে একটি স্ল্যাব ধসে পড়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে।

নিহতদের মধ্যে রয়েছেন চিল্লা গ্রামের রাধেশ্যাম নিষাদের ছেলে লোকেন্দ্র (২২) এবং প্রেমচন্দের ছেলে কুলদীপ নিষাদ (১৯)। এ ছাড়া ভুরাগড়ের বাসিন্দা সাওয়ান্ত যাদব(২৮), বান্দার ভুরাগড়ের সভাজিৎ (৩০), স্বসা খুর্দের বাসিন্দা রাজেন্দ্র সিংয়ের পুষ্পেন্দ্র সিং চৌহান (৩৪) এবং আচপুরার ছেলে রাজেশ পাল (৪২)।

উদ্ধারকারী দল জানিয়েছে, ধসে পড়া স্তম্ভের নিচে এখনও অবধেশ নিষাদ, কাল্লু যাদব এবং রাজেশ নিষাদ নামের তিনজন শ্রমিক আটকে আছেন। তাদের জীবিত উদ্ধারে এসডিআরএফ-এর উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। সূত্র: এনডিটিভি