২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্ট বাতিলের পথে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট সিরিজটি বাতিলের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আমন্ত্রিত শিল্পী অনুষ্ঠান থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ইঙ্গিত দেন। কনসার্টের বিকল্প হিসেবে তিনি নিজেই বক্তৃতা ও জনসভা করার কথা ভাবছেন।

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, কনসার্টের পরিবর্তে তিনি সমাবেশ আয়োজন করতে পারেন। নিজেকে ‘বিশ্বের এক নম্বর আকর্ষণ’ দাবি করে তিনি প্রয়াত কিংবদন্তি এলভিস প্রেসলির সঙ্গে নিজের তুলনা করেন। ট্রাম্প লেখেন, ‘গিটার ছাড়াই আমি এলভিসের সোনালি সময়ের চেয়েও বেশি দর্শক টানি।’

এই সপ্তাহের শুরুতে রক ব্যান্ড ‘পয়জন’-এর প্রধান গায়ক ব্রেট মাইকেলস এই কনসার্ট সিরিজ থেকে সরে দাঁড়ান। তিনিসহ মোট পাঁচজন শিল্পী এখন পর্যন্ত অনুষ্ঠানটি বয়কট করেছেন। আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এই বড়মাপের আয়োজনটি হওয়ার কথা রয়েছে। এর আগে কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড এবং বিখ্যাত গ্রুপ ‘দ্য কমোডোরস’ এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি ঘিরে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আগে থেকেই বিতর্ক চলছে। বিশেষ করে স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি, নোটে তার স্বাক্ষর এবং বিশেষ পাসপোর্টে তার মুখচ্ছবি যুক্ত করার পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এই রাজনৈতিক বিতর্কের কারণেই শিল্পীরা অনুষ্ঠানটি এড়িয়ে চলছেন বলে ধারণা করা হচ্ছে।