ইরান চুক্তি করতে মরিয়া, সবশেষে ভালো কিছুই হবে: ট্রাম্প

ইরানের সাথে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মাঝেই এক নতুন বিবৃতিতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও আশাবাদের কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেহরান এই মুহূর্তে আমেরিকার সাথে একটি চুক্তিতে পৌঁছাতে "সত্যিই খুব আগ্রহী" বলে দাবি করেছেন তিনি। একই সাথে তিনি আশ্বস্ত করেছেন যে, ইরানের সাথে পরবর্তীতে যে চুক্তিই হোক না কেন, তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এই বিবৃতিতে ট্রাম্প তাঁর যুদ্ধ পরিচালনার নীতি নিয়ে প্রশ্ন তোলা দেশের অভ্যন্তরীণ সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ট্রাম্পের দাবি, তাঁর প্রশাসন যেভাবে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছে, তা নিয়ে কিছু অভ্যন্তরীণ সমালোচক অনর্থক ও নেতিবাচকভাবে "ঘ্যানঘ্যান" করে চলেছেন।

সমালোচকদের সব ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে নিজের চেনা ভঙ্গিতে ট্রাম্প বলেন, "আপনারা শুধু আরাম করে বসে থাকুন এবং চিল করুন, শেষ পর্যন্ত সবকিছু খুব ভালোভাবেই সমাধান হয়ে যাবে—যেমনটা সবসময় হয়ে থাকে!"

চলমান সামরিক সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মাঝেই ট্রাম্পের এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন পর্দার আড়ালে ইরানের সাথে কোনো বড় ধরনের চুক্তির রূপরেখা নিয়ে ভাবছে। তবে তাঁর এই মন্তব্য মার্কিন ঘরোয়া রাজনীতি ও আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আল জাজিরা