উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১০ হাজার টন ওজনের একটি নতুন ডেস্ট্রয়ার নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি নতুন ধরনের গোপন পানির নিচের অস্ত্র উন্নয়নের কথাও বলেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কিম নতুন যুদ্ধজাহাজ ‘কাং কন’-এর নৌ-পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দ্রুততম সময়ে ‘কাং কন’ এবং ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টনের আরেকটি যুদ্ধজাহাজকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
পর্যবেক্ষকদের মতে, এই প্রথমবারের মতো উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ১০ হাজার টন শ্রেণির একটি ডেস্ট্রয়ার নির্মাণ পরিকল্পনার কথা প্রকাশ করল। এটি দেশটির সামুদ্রিক সামরিক সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
নৌ-পরীক্ষা পরিদর্শনের সময় কিম জং উন বলেন, পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার একটি অংশ হিসেবে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমুদ্রপৃষ্ঠে এবং পানির নিচে শত্রুকে মোকাবিলা করার সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেন।
বিশ্লেষকদের ধারণা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সম্ভাব্য উত্তর কোরিয়া সফরের আগে পিয়ংইয়ং নিজেদের সামরিক শক্তি ও নৌ সক্ষমতার বার্তা তুলে ধরতে চাইছে।
এর আগে চলতি সপ্তাহেই কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ‘সূচকীয় হারে’ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। নতুন ডেস্ট্রয়ার নির্মাণ পরিকল্পনাকে সেই বৃহত্তর সামরিক আধুনিকায়ন কর্মসূচিরই অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা