ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ফিলিপাইনে ৭ দশমিক ৮ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে। সূত্র: বিবিসি, আলজাজিরা