আর কোনো যুদ্ধ চান না জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে সংঘাত বাড়ানো থেকে বিরত থাকতেই ট্রাম্পের এই সতর্কবার্তা।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে গেলে তিনি একাই লড়তে পারেন। ট্রাম্পের ভাষায় ‘বিবি, আপনার সতর্ক থাকা উচিত, নইলে খুব শীঘ্রই আপনি একা হয়ে যাবেন।’
ট্রাম্প আরও জানান, ইরানের ওপর পরিকল্পিত একটি ইসরায়েলি হামলা সীমিত করতে তিনি সক্ষম হয়েছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।
অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে ট্রাম্পের সঙ্গে তার ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছে যে, তারা আপাতত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করছে। তবে দক্ষিণ লেবাননসহ অঞ্চলে নতুন কোনো হামলা হলে তেহরান আরও কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছে। সূত্র: রয়টার্স