হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই অভিযানের দায় স্বীকার করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বন্ধ না হলে সামনে আরও ভয়াবহ পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার শুরু হয় গত সোমবার, যখন বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালিতে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। ওয়াশিংটনের দাবি, ইরান ড্রোন ব্যবহার করে সেটি ভূপাতিত করেছে। এর প্রতিশোধ নিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জাস্ক, কিশম ও সিরিক সহ ইরানের উপকূলীয় অঞ্চলে বিমান হামলা শুরু করে।
আইআরজিসি জানায়, মার্কিনীদের এই হামলায় সিরিক এলাকায় তাদের একটি যোগাযোগ টাওয়ার এবং দুটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমেরিকার এই আক্রমণকে 'মিথ্যা অজুহাত' আখ্যা দিয়ে ইরান তার জবাবে বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়, যা বর্তমানেও চলমান রয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত এই মার্কিন ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আগে গত ফেব্রুয়ারি মাসের যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানের বাহিনী বাহরাইনের রাজধানীতে বড় ধরনের হামলা চালিয়েছিল।
বিপ্লবী গার্ড স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, ওয়াশিংটন যদি তাদের এই যুদ্ধংদেহী মনোভাব এবং সামরিক অভিযান বন্ধ না করে, তবে আগামীতে মার্কিন বাহিনীর ওপর আরও মারাত্মক ও কঠোর আঘাত হানা হবে।