ইরানের ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের

ইরান থেকে ছোড়া অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে জর্ডানের সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা'কে (Petra) দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডান সেনাবাহিনীর একটি সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সামরিক সূত্রটি জানায়, সফল প্রতিরোধ অভিযানের কারণে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কিছু ধ্বংসাবশেষ মাটিতে এসে পড়েছে। তবে এই ধ্বংসাবশেষের কারণে কোনো ধরনের মানবিক ক্ষয়ক্ষতি হয়নি।

ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ার পর জর্ডান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট দ্রুত সেগুলোর অবশিষ্টাংশ নিয়ে কাজ শুরু করেছে। ধ্বংসাবশেষের ভেতরে যাতে কোনো বিস্ফোরক উপাদান অবশিষ্ট না থাকে, তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

জর্ডান সেনাবাহিনীর এই বিবৃতির আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) এক ঘোষণায় জানায়, তারা টানা দ্বিতীয় রাতের মতো জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই ঘাঁটিটিতে ইরান ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছিল। তবে জর্ডান সরকারের পক্ষ থেকে ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানানো হলো।