বিশেষ শর্তে ইরানের জন্য কয়েকশ কোটি ডলারের তহবিল ছাড়তে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই এ খবর সামনে এলো। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে ইরানের তেল বিক্রির হাজার হাজার কোটি ডলার আটকে আছে। কূটনীতিকরা বলছেন, চলমান এই আলোচনার মাধ্যমে আটকে থাকা সেই বিপুল পরিমাণ অর্থও ছাড় করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে কয়েক সপ্তাহজুড়ে চলা যুদ্ধের মধ্যে দফায় দফায় আমিরাতে হামলা চালায় তেহরান। তখন বারবার আহ্বান সত্ত্বেও হামলা থেকে সরে আসেনি ইরান।
দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার ইরানকে ছাড়তে রাজি হয়েছে। ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ইরানের যে অর্থ ছেড়ে দেবে, তার মোট পরিমাণ দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার হতে পারে। তারা আরও জানায়, ইরান আর হামলা করবে না, এমন শর্তেই এ অর্থ ছাড়বে আরব আমিরাত। ইতোমধ্যে প্রথম কিস্তির ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলার ইতোমধ্যে দিয়ে দেওয়া হয়েছে।
আমিরাতের একজন কর্মকর্তা বলেছেন, পুরো অঞ্চলে উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আরব আমিরাতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যেই সমঝোতা হয়েছে। সূত্র: রয়টার্স