ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে শত শত ভবন ও বাড়িঘর ধসে পড়েছে।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্প দুটির তীব্রতা অত্যন্ত বেশি ছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। সংস্থাটি প্রাথমিক মূল্যায়নে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথাও জানিয়েছিল।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জানান, এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। কোথাও বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আবার পাহাড়ের ঢালে অবস্থিত ভবন ধসে পড়েছে।

ভূমিকম্পের পর আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই পরিবার-পরিজন ও পোষা প্রাণী নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। আফটারশকের আশঙ্কায় অনেকে এখনো ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ, চিকিৎসাসেবা এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের কাজ চলছে। একই সঙ্গে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করা হচ্ছে।