নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার পর অন্তত ৩৭ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরা ও এএফপির খবরে বলা হয়েছে, সোমবার বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)–এর সদস্যরা হামলা চালায়। হামলায় এক সেনাসদস্য, এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হন।
সেনাবাহিনীর প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, অভিযান চালিয়ে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন বলে জানিয়েছেন বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে। অন্যদিকে, স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা নিখোঁজ শিক্ষার্থীদের একটি তালিকা সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন। একটি গোয়েন্দা সূত্রও তালিকাটির সত্যতা নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপণের উদ্দেশ্যে শিক্ষার্থী অপহরণ নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সাধারণ কৌশলে পরিণত হয়েছে। ২০১৪ সালে বোকো হারামের চিবোক থেকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনাটি এখনো দেশটির ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।
সম্প্রতি বোরনো ও ওয়ো রাজ্যেও শিক্ষার্থীদের অপহরণের একাধিক ঘটনা ঘটেছে। ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি নাইজেরিয়ায় গত এক বছরে আবারও হামলার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সূত্র: আল জাজিরা