হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে নিজেদের ‘সবচেয়ে বড় ক্ষমতার হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হলেও এ জলপথের ওপর ইরানের সার্বভৌমত্বে কোনো পরিবর্তন আসবে না।

বুধবার (১ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ জানান, সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের ক্ষেত্রে কেবল ৬০ দিনের জন্য সাময়িক ছাড় দেওয়া হয়েছে। তবে এর বাইরে জলপথটির নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব পুরোপুরি ইরানের হাতেই থাকবে।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের আঞ্চলিক জলসীমার অংশ এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যেন কোনো বিতর্ক বা কূটনৈতিক জটিলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও তেহরান সতর্ক রয়েছে।

গালিবাফ আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই হরমুজ প্রণালি নিয়ে ইরান তার অবস্থান থেকে একচুলও সরে আসবে না। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি ইরানের কৌশলগত শক্তির অন্যতম প্রধান ভিত্তি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। এ জলপথ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।