ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা আমেরিকার এক পাইলটকে গুলি করে হত্যা করেছে। এরপর জ্বালিয়ে দিয়েছে বিমানটি।
বৃহস্পতিবার (২ জুলাই) নিকোলাস এফ গোসেলিন নামের ওই পাইলট তার বিমানটি হাইল্যান্ড পাপুয়া প্রদেশে অবতরণ করেন। এ সময় তাকে গুলি করা হয়েছে বলে জানায় ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) নামের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী।
টিপিএনপিবি দাবি করেছে, বেসামরিক এ পাইলট ইন্দোনেশিয়ার সেনাদের পাপুয়ায় নিয়ে আসতেন। আর তাকে হত্যার মাধ্যমে মার্কিন ও ইন্দোনেশিয়ার সরকারের কাছে বার্তা পাঠানো হয়েছে।
নিকোলাসের বিমানটি পোড়া অবস্থায় পাওয়া গেছে। কিন্তু তিনি ও বিমানে থাকা অপর সাত যাত্রীর ভাগ্যে কী ঘটেছে সেটি অজানা বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা।
পাপুয় ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। দীর্ঘ সময় ধরে স্বাধীনতার জন্য লড়াই করছে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা।
বিমানটি পাপুয়ার ইয়াহুকিমু অঞ্চলের একটি বিমানবন্দরে পোড়া অবস্থায় পাওয়া যায়।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন বিমানটি অবতরণ করে তখন নিরাপত্তা সংক্রান্ত কোনো কিছু তারা জানতে পারেনি। তবে অবতরণের পর পর এটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখপাত্র ইউসেফ সুতেজো বলেছেন, ‘বিমানটিতে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়েছে নাকি এটি দুর্ঘটনার কবলে পড়েছে এ ব্যাপারে তারা এখনো নিশ্চিত হতে পারেননি।’
সূত্র: বিবিসি