দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২,৬৪৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১২,৬৬৬ জন।
দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, গত মাসে ঘটে যাওয়া এই বিপর্যয়ের পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত ৮৬,১১৭টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় অঞ্চলটির ৮৮৫টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সম্পূর্ণ ভেঙে পড়েছে ১৮৯টি অবকাঠামো।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, গত ২৪ জুন উত্তর-কেন্দ্রীয় ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭.৫ মাত্রার মূল কম্পনটি ইয়্যারাকুয় রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার কম্পনটি সান ফিলিপ থেকে ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে উৎপত্তিস্থল ছিল।
মন্ত্রণালয় আরও জানায়, মূল ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক (অনুকম্পন) রেকর্ড করা হয়েছে, যা উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বিপর্যস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে কারাকাস প্রশাসন প্রায় ৩০,০০০ স্থানীয় উদ্ধারকারী ও জরুরি সাড়াদানকর্মী মোতায়েন করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ও উদ্ধারকাজ দ্রুত করতে উপদ্রুত এলাকায় ৩,৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি