কেমন আছেন মিয়ানমারের কারাবন্দি অং সান সু চি?

মিয়ানমারের বন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই নতুন বার্তা দিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের মিয়ানমার কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, সু চি বর্তমানে সুস্থ আছেন।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারো সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সু চিকে নিজের 'বোন' বা আত্মীয়ের মতো উল্লেখ করেছেন। জান্তা সরকারের দাবি, সু চি সুস্থ আছেন এবং যথাযথভাবে তার দেখভাল করা হচ্ছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ৮১ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী কারাবন্দি রয়েছেন। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী লাজারো বর্তমানে সু চির সঙ্গে সশরীরে দেখা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

উসকানি, দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো একাধিক অভিযোগে সু চিকে মোট ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

তবে তার সহযোগীদের দাবি, সু চিকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মনগড়া ও ভিত্তিহীন মামলা সাজানো হয়েছে।

এদিকে, মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আসিয়ানের শীর্ষ কূটনীতিকরা মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। 

দেশটিতে চলমান সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে এক নির্বাচনের পর গত এপ্রিল থেকে মিয়ানমার একটি নামমাত্র বেসামরিক সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। 

সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং এখন দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে সু চিকে ঠিক কোন কারাগারে বা কোথায় বন্দি রাখা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি মিয়ানমার কর্তৃপক্ষ। 
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকিউ জানিয়েছেন, আসিয়ান দূতকে সু চির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

তথ্যসূত্র: আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।