মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি 

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪। তীব্র এই কম্পনের পর সংলগ্ন উপকূলীয় এলাকায় জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পুয়ের্তো মাদেরো শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনটি উৎপত্তিস্থল ছিল বলে নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে উপকূলের বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্পের ঝাঁকুনিতে পার্শ্ববর্তী দেশ গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। বিশেষ করে গুয়াতেমালা সিটির বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ রাস্তায় নেমে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াতেমালার সরকারি ভবনগুলো থেকে কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। তবে মেক্সিকোর ওক্সাকা রাজ্যে মাঝারি কম্পন অনুভূত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

তথ্যসূত্র: রয়টার্স ও ইউএসজিএস (USGS)