'অস্তিত্বের লড়াইয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্টের ঝুঁকি নিচ্ছে ইরান'

উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর সামরিক হামলা অব্যাহত রেখে ইরান জেনেশুনেই তাদের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করার ঝুঁকি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক সিনা আজোদি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আজোদি বলেন, আমার বিশ্বাস, ইরান সচেতনভাবেই এই ঝুঁকি নেওয়া মেনে নিয়েছে।

নিজের এই বক্তব্যের সপক্ষে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন। বিশেষ করে ইরানের অন্যতম প্রধান পারমাণবিক আলোচনাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্যের কথা উল্লেখ করেন তিনি। গালিবাফ এই সংঘাতকে ইরানের টিকে থাকা ও অস্তিত্বের লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন।

আজোদি আরও ব্যাখ্যা করে বলেন, ইরানিরা বিশ্বাস করে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। আর এ কারণেই তারা জিসিসি ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটার ঝুঁকি নিচ্ছে।

তবে জিসিসি দেশগুলোর সঙ্গে ইরানের এই তিক্ততা বা সম্পর্কচ্ছেদ সাময়িক হবে বলেই মনে করছেন এই বিশ্লেষক।

তিনি যোগ করেন, যখন এই যুদ্ধ শেষ হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, তখন মধ্যম থেকে দীর্ঘমেয়াদে জিসিসি ও ইরানের মধ্যকার সম্পর্ক পুনরায় উন্নত হবে।

সূত্র: আল-জাজিরা