ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মুখে প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তি ও বিচার নিশ্চিতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও অনড় অবস্থান ধরে রেখেছে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তরুণদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি বলেন, "আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও সতর্ক করে জানান, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলন পরিচালনা করা সিজেপি। সরকারের আশ্বাসকে অপর্যাপ্ত উল্লেখ করে এক্সে দেওয়া এক বার্তায় তারা পুনর্ব্যক্ত করে, প্রশ্নফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই অবিলম্বে পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীদের ওপর পুলিশের সম্প্রতি চালানো লাঠিচার্জ ও টানা অবস্থানের মুখে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনীতিও এখন উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র: এনডিটিভি