খাইবার পাখতুনখাওয়া (পাকিস্তান)
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে ১২ জনই পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, হামলাকারীরা বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে সজোরে ধাক্কা দেয়। বিকট বিস্ফোরণে চৌকিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ১২ সেনা সদস্য, ২ পুলিশ কর্মকর্তা ও বন বিভাগের ১ কর্মকর্তা নিহত হন।
নিহতদের স্মরণে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তা রক্ষায় আত্মত্যাগকারী এসব বীর সন্তান অত্যন্ত বীরত্বের সঙ্গে শাহাদাত বরণ করেছেন। তাদের এই চূড়ান্ত ত্যাগ জাতি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
সূত্র: খালিজ টাইমস (Khaleej Times)