মেজর জেনারেল আলি আবদোল্লাহি

নিহত প্রতিটি ইরানির বদলায় ১ মার্কিন সেনা হত্যা 

মার্কিন হামলায় কোনো ইরানি বেসামরিক নাগরিক নিহত হলে তার প্রতিশোধ হিসেবে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এই কড়া বার্তা দেন। সম্প্রতি ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA)-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেজর জেনারেল আবদোল্লাহি সরাসরি মার্কিন বাহিনীকে সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রে শত্রুদের বিরুদ্ধে এটিই এখন থেকে ইরানের চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত নীতি। দেশের যেকোনো নাগরিকের শাহাদাতের বদলায় মার্কিন সেনাদের ওপর পাল্টা আঘাত হানা হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে এই ইরানি কমান্ডার আরও যোগ করেন, মার্কিন সেনাদের নিশ্চিহ্ন করতে তারা 'জাহান্নামে যাওয়ার বিনামূল্যে ও সরাসরি টিকিট' তৈরি করে রেখেছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই (Middle East Eye) ও আইআরএনএ (IRNA)।