দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পরীক্ষার্থীদের খাবার ও পানি দিয়ে মানবিক সহায়তা করায় চরম বিপাকে পড়েছেন মোহাম্মদ জুনায়েদ নামের এক যুবক। এই অপরাধে তার পরিবারকে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে 'ককরোচ জনতা পার্টি'র নেতৃত্বে ৩৬ দিন ধরে চলা আন্দোলন সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের আশ্বাসে শেষ হয়। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পানি বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসেন জুনায়েদ।
স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য লালানটপ'-কে জুনায়েদ জানান, উত্তরপ্রদেশের পুলিশ তার গ্রামের বাড়িতে গিয়ে বাবা ও ছোট ভাইকে তুলে নিয়ে যায়। একই সঙ্গে মিরাটে তার বোনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে শ্বশুর ও দেবরকেও আটক করেছে পুলিশ।
নিজের ওপর নেমে আসা এই অন্যায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে জুনায়েদ প্রশ্ন তোলেন, "আমার অপরাধটা ঠিক কী? আন্দোলনকারীদের খাবার ও পানি দেওয়া কি কোনো অপরাধের পর্যায়ে পড়ে?"
এদিকে জুনায়েদের পরিবারের ওপর এমন পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি মানবিক এ স্বেচ্ছাসেবীর পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সিজেপি জানায়, আসল অপরাধীদের না ধরে উত্তরপ্রদেশ পুলিশ স্বেচ্ছাসেবী জুনায়েদের পরিবারকে মিছামিছি হয়রানি করছে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, যেকোনো পরিস্থিতিতে জুনায়েদ ও তার পরিবারকে রক্ষা করা হবে।
তথ্যসূত্র: দ্য লালানটপ (The Lallantop)