টানা ৩৬ দিন পর ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের অবশেষে সমাপ্তি ঘটেছে। আন্দোলনকারীদের মূল দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর ‘ককরোচ জনতা পার্টি’ তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিশেষ করে, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে আন্দোলনকারীরা আনন্দচিত্তে রাজপথ ছেড়ে ঘরে ফেরার প্রস্তুতি নেন।
আন্দোলন প্রত্যাহার করার পর পরই যন্তর মন্তরে নির্মিত দীর্ঘদিনের অস্থায়ী বিক্ষোভ মঞ্চটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে দিল্লি কর্তৃপক্ষ। সেই সাথে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে বন্ধ থাকা মেট্রো স্টেশনগুলোও একে একে খুলে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা এই তীব্র আন্দোলনের কারণে যন্তর মন্তরের চারপাশের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মার্কেটগুলো চরম স্থবির হয়ে পড়েছিল। বিশৃঙ্খলা এড়াতে সে সময় প্রায় ১৬ থেকে ১৭টি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করায় দিল্লির কেন্দ্রস্থলে আবারও আগের মতো স্বাভাবিক ছন্দ ও স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
সূত্র: এনডিটিভি (NDTV)