যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকট : ইরানে মার্কিন হামলা বন্ধ

ইরানের ওপর টানা দুই সপ্তাহ আগ্রাসী হামলা চালানোর পর হঠাৎই সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যবহৃত ‘ইন্টারসেপ্টর মিসাইল’ ফুরিয়ে যাওয়ার তীব্র শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে মজুদ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দ্রুত অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বিমান হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছিলেন। তবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে জানান, বড় ধরনের হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীর নিজস্ব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে।

উপদেষ্টাদের এই সতর্কবার্তার পরেই আগের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। ফলে গত শুক্রবার ও শনিবার রাতে ইরানে মার্কিন বাহিনীর পক্ষ থেকে কোনো নতুন হামলা চালানো হয়নি।

এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রবল সামরিক চাপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে আনার কৌশল কতটা সফল হবে, তা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই সন্দেহ তৈরি হয়েছে।

সামরিক পর্যবেক্ষকদের মতে, টানা বিমান হামলার ফলে ইরানি সাধারণ জনগণ বিদেশি হুমকির মুখে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে পড়েছে। ফলে ওয়াশিংটনের সামরিক কৌশল প্রত্যাশিত রাজনৈতিক ফলাফল আনতে ব্যর্থ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সোর্স: নিউ ইয়র্ক টাইমস (New York Times)