নিয়ম ভেঙে হরমুজে প্রবেশ : মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস

ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার পর কৌশলগতভাবে স্পর্শকাতর হরমুজ প্রণালীতে এক তেলবাহী ট্যাংকারে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও দেফা প্রেসের বরাত দিয়ে জানানো হয়, আন্তর্জাতিক নিয়ম ও নির্ধারিত সীমানা না মানায় এই দুর্ঘটনা ঘটে।

জাহাজটিকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে নির্ধারিত পথ না মানলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির দায় তাদের নিজেদেরই নিতে হবে।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম, মালিকানা, গন্তব্যস্থল কিংবা এতে কোনো প্রাণহানি বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিয়ম না মেনে বেআইনিভাবে আন্তর্জাতিক এ নৌপথ পারাপারের চেষ্টার অভিযোগে আরও ছয়টি জাহাজ আটক করেছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, জাহাজগুলোকে থামাতে ফাঁকা গুলি ছোড়া হয় এবং গতিপথ পরিবর্তন না করা পর্যন্ত তাদের যাত্রা স্থগিত রাখা হয়।

উল্লেখ্য, এর আগের দিন শনিবারও একইভাবে বেআইনি গতিপথে থাকা চারটি বিদেশি জাহাজ থামিয়ে দিয়েছিল ইরানি নৌবাহিনী।

বর্তমানে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি আগ্রাসন থামানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।

চুক্তির আওতায় ইরান ৬০ দিনের জন্য বিনা শুল্কে নির্দিষ্ট রুট ব্যবহারের অনুমতি দিলেও ওয়াশিংটন বিকল্প ও বেআইনি পথে জাহাজ চলাচলের চেষ্টা চালিয়ে আসছে।

ইরান একে সমঝোতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপ না থামা পর্যন্ত নির্ধারিত নৌপথ ব্যবহারের সুবিধা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।

সংবাদের উৎস: প্রেস টিভি (Press TV), দেফা প্রেস (Defa Press) ও ইরান রাষ্ট্রীয় টেলিভিশন।