যুদ্ধ চললে আরও ভয়াবহ আক্রমণ : ইরান

ইরানের হামলায় ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলোর বড় একটি অংশ বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া দেশটির রাষ্ট্রীয় টিভিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকানরা যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে আগ্রাসন চালিয়ে ইরানিদের ওপর নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততক্ষণ এই প্রতিরোধ হামলা অব্যাহত থাকবে।

ইরান যেকোনো দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত বলেও তিনি জানান।

সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে তারা নতুন প্রযুক্তির ড্রোন উন্মোচন করেছেন, যা সুপরিচিত 'আরাশ-২' ড্রোনের চেয়েও বেশি নির্ভুল, দূরপাল্লার এবং ধ্বংসাত্মক।

বর্তমানে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এসব সরঞ্জাম যুক্ত করা হয়েছে, যা শত্রুপক্ষের জন্য ইরানকে আগের চেয়েও বেশি বিপজ্জনক করে তুলেছে।

এ ছাড়া যুদ্ধবিরতি ও হামলার মধ্যবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামগুলো পুনরায় সচল করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বজুড়ে আকাশসীমার সুরক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো দেশই ১০০% সুরক্ষিত নয়; এমনকি যুক্তরাষ্ট্রেও অনেক সময় অজ্ঞাত উড়োজাহাজ প্রবেশ করে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে যায়।

তথ্যসূত্র: পার্সটুডে (মেহর বার্তা সংস্থার বরাতে)।