ইরানে হামলা জোরদারের ঘোষণা ট্রাম্পের, লক্ষ্য ‘চূড়ান্ত বিজয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা আরও তীব্র ও অব্যাহত থাকবে। ওয়াশিংটনের মূল লক্ষ্য এই সংঘাত থেকে ‘জয়লাভ করা’ এবং তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই কড়া বার্তা দেন। তিনি বলেন, আমেরিকা এই যুদ্ধে জয় পেতে চায় এবং বর্তমানে তারা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্প দাবি করেন, ধারাবাহিক সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক শক্তি এখন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার মতে, পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র যথেষ্ট সংযম দেখালেও তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া হবে না।

ইরানের কঠোর অবস্থান ও সাম্প্রতিক আলোচনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইরানি কর্তৃপক্ষ অসত্য তথ্য ছড়াচ্ছে, যার ফলে কূটনৈতিক আলোচনার ওপর থেকে তার আস্থা ক্রমশ কমে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশেষ দূতের ফোনের অপেক্ষায় থাকাকালেই পেন্টাগন প্রধান তাকে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেন। এর জবাবে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নীতি গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, মাত্র পাঁচ মাসের অভিযানে তেহরানের সামরিক সক্ষমতা তারা বহুলাংশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে এই সরাসরি সংঘাত শুরু হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি