ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলসে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেস এলাকার তার গলফ ক্লাব থেকে একটি লোডেড পিস্তল ও ফাঁপা-মাথার (হলো-পয়েন্ট) গুলি বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, রোববার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব (র্যাঞ্চো পালোস ভার্দেস) থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিনিন জন তাইলে (৩৮)। 

কর্মকর্তারা জানান, ট্রাম্পের মঙ্গলবারের রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আগে তিনি গলফ ক্লাবের বিভিন্ন এলাকা ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি করছেন বলে সন্দেহ হয়।

তল্লাশির সময় তার পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে গলফ ক্লাবের পার্কিংয়ে থাকা তার গাড়ি থেকে চেম্বারে গুলিভর্তি একটি পিস্তল এবং আরেকটি লোডেড ম্যাগাজিন জব্দ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি পৃথক ডাকাতির মামলায়ও তাইলে আগে থেকেই তদন্তের আওতায় ছিলেন।

সোমবার এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স-এর সহযোগিতায় গোয়েন্দারা ক্যালিফোর্নিয়ার ডাউনিতে তার বাড়িতে তল্লাশি চালান। সেখানে তারা অবৈধভাবে পরিবর্তিত একটি রাইফেল, আরও একটি পিস্তল, বডি আর্মার, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, বিভিন্ন রেডিও সিগন্যাল ডিভাইস এবং এমন কিছু নোটবুক উদ্ধার করেন, যাতে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ‘উদ্বেগজনক বক্তব্য’ লেখা ছিল।

শেরিফ বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জনসাধারণের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তবে সম্ভাব্য অভিযোগ নির্ধারণের বিষয়টি প্রসিকিউটররা বিবেচনা করছেন এবং ততক্ষণ পর্যন্ত তাইলেকে জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের এই সফরের সূচি নির্ধারিত রয়েছে।