ট্রাম্পের কূটনীতিকে ‘নাটক’ বললেন গালিবাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপাশে ইরানে সামরিক হামলার হুমকি দিচ্ছেন, অন্যদিকে আবার হামলা বাতিল করে আলোচনার দাবি করছেন- মার্কিন প্রেসিডেন্টের এই দ্বিমুখী অবস্থানকে ‘নাটকীয় কূটনীতি’ (থিয়েটার ডিপ্লোম্যাসি) বলে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের কঠোর সমালোচনা করে গালিবাফ লেখেন, 'বিশাল আক্রমণ আসছে... দাঁড়ান, দরকার নেই, তারা আলোচনা করতে চায়'—এটি বারবার ঘুরে ফিরে চলা একটি নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়। জোরজুলুম, ভাঙা প্রতিশ্রুতি এবং ভুয়া খবরকে চাপ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করার এই কৌশলটি পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রকে অহেতুক নাটক না করে বাস্তবমুখী হয়ে নিজেদের অঙ্গীকার পূরণের আহ্বান জানান।

এর আগে ট্রাম্প ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলা শেষ মুহূর্তে বাতিল করেন। তাঁর দাবি ছিল, ইরানসহ ওই অঞ্চলের কয়েকটি দেশ কূটনৈতিক সমাধানের উদ্দেশ্যে তাঁকে হামলা চালাতে নিষেধ করেছিল।

ট্রাম্প দাবি করেন, এই আলোচনার মাধ্যমে অতি দ্রুত হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে এবং সংঘাত থামলেই তেলের দাম কমে আসবে।

তবে ট্রাম্পের এসব দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানি কর্মকর্তারা। তারা জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলেও তারা প্রস্তুত এবং ট্রাম্পের এই ধরনের সামরিক হুমকি ও আলোচনার দ্বিমুখী নীতি আসলে তেহরানের ওপর অহেতুক চাপ সৃষ্টির ব্যর্থ কৌশল মাত্র।

সূত্র: আল জাজিরা