মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে চিকিৎসা বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। ৭৯ বছরে পা দেওয়া এই শীর্ষ নেতাকে আগামী দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে নিশ্চিত করেছে তাঁর দপ্তর।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আনোয়ারের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। তবে তার ঠিক কী ধরনের শারীরিক সমস্যা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক কর্মজীবনে প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর 'প্রিয় ভাই' আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কাঁধ ও পিঠের ব্যথায় ভুগছেন।
ইতিপূর্বে ২০১৮ সালেও তাঁকে একই কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার দরুন একটি সফর বাতিল করতে হয়েছিল।
তথ্যসূত্র: দ্য ডন