ফ্রান্সের ভণ্ডামি লজ্জাজনক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সমর্থনের মাধ্যমে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে 'মানবাধিকার' এবং আন্তর্জাতিক আইন নিয়ে উপদেশ দেওয়া বন্ধ করা। তাদের এই ভণ্ডামি অত্যন্ত স্পষ্ট এবং লজ্জাজনক।

তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনে আপনাদের সমর্থন করার কারণে তথাকথিত যে নৈতিক শ্রেষ্ঠত্ব আপনারা কল্পনা করতেন, তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো, যখন বুধবার ফ্রান্স নিশ্চিত করে যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ২০টি দেশ যৌথ বিবৃতি দিয়ে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ওই দেশগুলো তেহরানকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।