কেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করতে চায় বিজেপি?

ভারতের কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার বিল পাসের পরই রাজ্যসভায় উঠেছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের নতুন দাবি।

বিজেপি রাজ্যসভা সদস্য শমীক ভট্টাচার্য ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের বদলে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিম বঙ্গ’ করার প্রস্তাব দিয়েছেন।

সাংসদ শমীক ভট্টাচার্য জানান, ‘পশ্চিমবঙ্গ’ কেবল একটি নাম নয়; এর পেছনে রয়েছে ১৯৪৭ সালের দেশভাগ এবং বাঙালি হিন্দুদের জন্য পৃথক ভূখণ্ড তৈরির গভীর ইতিহাস।

তৎকালীন সময়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই ভূখণ্ডের জন্ম হয়েছিল, যা বঙ্গভঙ্গের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।

তিনি সতর্ক করে বলেন, রাজ্যটির নাম থেকে ‘পশ্চিম’ বাদ দিয়ে কেবল ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ করা হলে তা ঐতিহাসিক লড়াইকে অবমাননা করার শামিল হবে। তাই কোনো ইংরেজি অনুবাদের পরিবর্তে মূল ঐতিহ্য বজায় রেখে ‘পশ্চিম বঙ্গ’ রাখার দাবি জানান তিনি।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কাছে ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম বদলে কেবল ‘বাংলা’ করার একটি প্রস্তাব ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তবে শমীক ভট্টাচার্যের এই নতুন দাবির পর রাজ্যটির নাম পরিবর্তন কোন দিকে মোড় নেয়, তা এখনও অনিশ্চিত।

একই অধিবেশনে কেরালা নাম পরিবর্তনের বিল পাসের পাশাপাশি বিহারের পাটনার নাম বদলে ‘পাটলিপুত্র’ এবং বখতিয়ারপুর স্টেশনের নাম পরিবর্তনের দাবিও উঠেছে। তবে পশ্চিমবঙ্গ বা অন্য শহরগুলোর নাম পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় মোদি সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

সংবাদের তথ্যসূত্র: ভারতের রাজ্যসভার সাম্প্রতিক অধিবেশন এবং আন্তর্জাতিক নিউজ বুলেটিন।