যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদজুড়ে টিকিয়ে রাখতে প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি সম্প্রতি এমন বার্তা দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে নাকদি জানান, দীর্ঘস্থায়ী লড়াইয়ের মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো হামলা রোখার মতো জোরালো প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাই তেহরানের মূল উদ্দেশ্য।
আইআরজিসির এই সামরিক কর্মকর্তা স্বীকার করেন, আমেরিকার বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ইরানের আগে ছিল না, যা তারা বিগত কয়েক মাসের সংঘাত থেকে অর্জন করেছে।
যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক শক্তি প্রয়োগের ভুল সিদ্ধান্ত নেয়, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে বলেও কঠোর বার্তা দেন তিনি।
তবে ইরান নিজস্ব পারমাণবিক বোমা তৈরির দিকে হাঁটছে না উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণের দৃঢ় সমর্থন ও প্রতিরোধই তেহরানের মূল চালিকাশক্তি।
ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে নাকদি জানান, তাদের ব্যবহৃত বলয় থেকে দৈনিক উৎপাদিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরিমাণ অনেক বেশি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলেও শেষ দিন পর্যন্ত রকেট হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের রয়েছে।
এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালির আধিপত্য ও কূটনৈতিক স্থবিরতার কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে।
তথ্যসূত্র: পিবিএস নিউজ (PBS News)