ভারতে পাহাড়ি ঢল ও ধ্বংসাবশেষ ঢুকে এক টানেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় এ মর্মান্তিক বিপর্যয় ঘটে।
চামোলির পিপলকোটিতে অবস্থিত তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) নির্মাণাধীন প্রকল্পে এ ঘটনা ঘটে। ঘটনার সময় টানেলের ভেতরে ২৮ জন কর্মী কাজ করছিলেন। হঠাৎ তীব্র পানির স্রোত ও কাদা ঢুকে পড়লে অনেকে ভেসে বাইরে চলে আসেন।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও তিনজন শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।
সূত্র: এনডিটিভি