যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সাবেক উপদেষ্টা মার্ক গিন্সবার্গ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের নীতি (গেম অব চিকেন) শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গিন্সবার্গ জানান, ওয়াশিংটন দীর্ঘ দিন ধরে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করে আসলেও বর্তমান পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। কারণ এখন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ঝুঁকিতে রয়েছে এবং ইরান তার অর্থনীতি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে একেবারে বিচ্ছিন্ন।
তবে এই সংকটের কোনো সুস্পষ্ট সমাধান হোয়াইট হাউসের কাছে নেই বলে সতর্ক করেছেন এই কূটনীতিক। তিনি বলেন, বর্তমান প্রশাসনের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট আসলে কী করতে যাচ্ছেন, সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই। আমরা শুধু দেখতে পাচ্ছি তিনি এক ধরনের চরম ধৈর্যের লড়াইয়ে লিপ্ত।
পরিস্থিতিকে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ মুখোমুখি সংঘর্ষের সঙ্গে তুলনা করে গিন্সবার্গ সংশয় প্রকাশ করে বলেন, কেবল অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তেহরানকে নতিস্বীকার করানো ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়।
তাঁর মতে, এটি একটি অর্থনৈতিক মুখোমুখি লড়াই- দেখা যাক দুই পক্ষের কে সংঘর্ষের আগেই সরে দাঁড়ায়। তবে দিনশেষে ইরান সরকারের আগে ট্রাম্প প্রশাসনকেই হয়তো পিছু হটতে হবে।
সূত্র: আল-জাজিরা