মধ্যরাতে ৫ মাত্রার ভূমিকম্পে কাপলো স্পেন

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর গ্রানাদার মহানগর এলাকার আলহেন্দিনে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের পর শহরের বিভিন্ন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী দল ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রানাদার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।

যেসব বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেসব বাড়ির বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে ভবনে প্রবেশ বা বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এ ছাড়া রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা ও দেয়ালসহ ধসে পড়ার আশঙ্কা রয়েছে এমন স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড