উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সামরিক সীমারেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়লে তাদের সতর্ক করতে গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি বছরে সামরিক সীমারেখা লঙ্ঘনের এটিই প্রথম ঘটনা বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপের বরাতে রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্বাঞ্চলে উত্তর কোরিয়ার একাধিক সেনা সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণের দিকে ঢুকে পড়েন। এ সময় দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়েন। পরে উত্তর কোরিয়ার সেনারা নিজেদের ভূখণ্ডে ফিরে যান।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ধারণা, উত্তর কোরিয়ার সেনারা নিয়মিত টহলের সময় ভুল করে সীমারেখা অতিক্রম করেছিলেন। সতর্কতামূলক গুলির পর তাঁরা ফিরে যাওয়ায় পরিস্থিতি আর উত্তপ্ত হয়নি। এরপর ওই এলাকায় কোনো অস্বাভাবিক তৎপরতার খবরও পাওয়া যায়নি।
ইয়োনহাপ জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়ার সেনারা ১৭ বার সামরিক সীমারেখা অতিক্রম করেছিলেন। তবে চলতি বছরে এটাই এ ধরনের প্রথম ঘটনা।
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার সেনার অংশগ্রহণে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়ারও বিরোধিতা করেছে উত্তর কোরিয়া। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, মহড়ার জবাবে তারা আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে।
সোমবার থেকে শুরু হতে যাওয়া ১১ দিনের এই সামরিক মহড়া প্রতিবছর গ্রীষ্মে অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতি বাড়ানোই মহড়ার প্রধান উদ্দেশ্য।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান হওয়ায় দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড