গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৫ লাখেরও বেশি শিশু

গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ২১ লাখের বেশি ফিলিস্তিনি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। এর মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ বসবাসের অযোগ্য অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস।

সোমবার (১৭ আগস্ট) এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, শীত ঘনিয়ে আসার সাথে সাথে গাজায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তাঁবুতে বসবাসকারীদের মধ্যে ৫ লাখেরও বেশি শিশু রয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় অবিলম্বে ক্রেন, আবহাওয়া-সহনশীল তাঁবু, নিরোধক (ইনসুলেশন) সামগ্রী এবং জরুরি আশ্রয় উপাদান প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

একই সাথে ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো পুনর্নির্মাণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার জোর দাবি জানানো হয়।

চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজার সাধারণ মানুষ খাদ্য, পানি ও চিকিৎসার চরম সংকটে পড়েছে বলে ত্রাণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে।

উল্লেখ্য, সরকারি মিডিয়া অফিসের আগের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলা হামলায় গাজা উপত্যকার ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্নির্মাণে আনুমানিক ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) ডলার প্রয়োজন হবে।

সূত্র: আল-জাজিরা