নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতের সেনাপ্রধানকে এ সম্মাননা প্রদান করেন।

চার দিনের সরকারি সফরে রোববার (১৬ আগস্ট) নেপাল পৌঁছান জেনারেল ধীরাজ শেঠ। নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠানের পর নেপাল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন জেনারেল ধীরাজ শেঠ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

১৯৫০ সাল থেকে ভারত ও নেপালের মধ্যে একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার রীতি চলে আসছে। দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের অন্যতম প্রতীক হিসেবে এই ঐতিহ্যকে দেখা হয়।

অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল ধীরাজ শেঠের সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়টি পুনর্ব্যক্ত হয়েছে।

সফরকালে নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতের সেনাপ্রধান। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি এবং সেখানে গার্ড অব অনার পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, ভারতের সেনাপ্রধানের এ সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভারত-নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতাও নতুন করে সামনে এসেছে।