অস্তিত্ব বিলীন হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সংঘাতের মুখে ঠেলে দেওয়াই ইসরায়েলের মূল উদ্দেশ্য বলে দাবি করেছেন রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

এর পরিণতিতে ইসরায়েল নিজের রাষ্ট্রীয় অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক-রাজনৈতিক বিভাগের উপ-প্রধান এবং আখমাত (Akhmat) স্পেশাল ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস' (TASS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমাদের অনুধাবন করতে হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি, ইসরায়েলের মূল লক্ষ্যই হলো এই সংঘাতকে যতটা সম্ভব উসকে দেওয়া এবং এর মধ্যে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে জড়িয়ে ফেলা।

ইসরায়েল তাদের ক্ষমতার অতিরিক্ত ঝুঁকি নিচ্ছে উল্লেখ করে রুশ এই জেনারেল আরও যোগ করেন, শেষ পর্যন্ত তারা নিজেদের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করে ফেলবে এবং একপর্যায়ে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা