শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ নির্দেশ দেওয়ার পর আদিয়ালা কারাগার থেকে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাকিস্তানের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, আদালত প্রাঙ্গণে পেশ করার আগে এই শীর্ষ রাজনৈতিক নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করাতে হবে।
আদালত স্পষ্ট জানিয়েছে, যেকোনো বন্দির জীবন, শারীরিক সুস্থতা ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনি দায়িত্ব।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ৭৩ বছর বয়সী ইমরান খান দীর্ঘদিন ধরে চোখের দৃষ্টিশক্তিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
তার আইনজীবীদের দাবি, সঠিক চিকিৎসার অভাবে তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশই হ্রাস পেয়েছে, যদিও সরকারি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই চিকিৎসা টিমে একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
একই সাথে আদালতের আদেশ অমান্য করে হাসপাতালের সামনে পিটিআই সমর্থকদের ভিড় না জমায় সতর্ক করেছে সাবেক প্রধানমন্ত্রীর দল ও পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও দুর্নীতিসহ শতাধিক মামলা রয়েছে।
রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় তিনি ও তার স্ত্রী বুশরা বিবি দীর্ঘ মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি দেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী।
তথ্যসূত্র: আল জাজিরা