শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পেরু

দক্ষিণ পেরুতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (IGP) ভূমিকম্পটির মাত্রা ৭.২ ছিল বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে (জিএমটি ১৮:০০) ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে এই ভূকম্পনটি সৃষ্টি হয়। পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্র (CENSIS) জানায়, আইয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ছিল এর উৎপত্তিস্থল।

ভূমিকম্পটির তীব্রতা বেশি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পেরুর জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, ভূকম্পনটি প্রায় ১০৮ কিলোমিটার গভীর থেকে সৃষ্টি হওয়ায় মাটির উপরিভাগে পৌঁছানোর আগেই এর সিংহভাগ শক্তি শোষিত হয়ে যায়। ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় এটি কেবল 'মৃদু থেকে মাঝারি' মাত্রার ঝাকুনি সৃষ্টি করেছে।

পেরুর দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে এই ভূকম্পন স্পষ্ট অনুভূত হয়। এমনকি রাজধানী লিমার বাসিন্দারাও শক্তিশালী ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, পেরু ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে একের পর এক ভূকম্পনের প্রেক্ষাপটে নাগরিকদের সজাগ থাকার, জরুরি চলাচলের প্রস্তুতি রাখার এবং জরুরি ট্রমা-কিট বা প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার তাগিদ দিয়েছে দেশটির জিওফিজিক্যাল ইনস্টিটিউট।

সূত্র: আনাদোলু এজেন্সি