অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ‘ই-১’ (E1) বসতি স্থাপন প্রকল্পের অধীনে ১,২০০টিরও বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের জারি করা টেন্ডারের কড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, জেরুজালেমের পূর্বাঞ্চলের এই ভূখণ্ডটি দীর্ঘদিন ধরেই একটি স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানে নতুন করে বসতি নির্মাণ করা হলে তা পুরো পশ্চিম তীরকে বিভক্ত করে ফেলবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।
মালয়েশিয়ার এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, ইসরায়েলের এই ঘোষণার মাধ্যমে তারা শান্তি প্রতিষ্ঠার ন্যূনতম সদিচ্ছা কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে সম্মান জানানোর ভানটুকুও ধূলিসাৎ করে দিয়েছে।
ই-১ প্রকল্পের সাথে জড়িত কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আনোয়ার ইব্রাহিম জানান, এই প্রকল্পের কাজে যুক্ত হতে যাওয়া যেকোনো আন্তর্জাতিক কোম্পানির তথ্য তাঁর সরকার অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।