সম্পর্ক সুদৃঢ় রাখতে প্রয়োজন পারস্পরিক স্বার্থ: জয়শঙ্কর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় ও কার্যকর রাখতে ‘পারস্পরিক স্বার্থের’ গুরুত্ব তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হতে হবে বলে জানান তিনি।

দিল্লিতে অনুষ্ঠিত ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম’-এ বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি স্পষ্ট করেন যে, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ কখনো একপাক্ষিক হতে পারে না।

এস জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত যেমন প্রতিবেশীদের স্বার্থ বুঝে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনই প্রতিবেশী দেশের কাছ থেকেও একই ধরনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়।

উভয় দেশের পারস্পরিক মেলবন্ধন ও স্বার্থ নিশ্চিত হলেই কূটনৈতিক আলোচনা সফলভাবে এগিয়ে যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে