‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান চান পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধ নেই, শান্তিও নেই’ পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশের স্বার্থ, নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ন রেখে একটি সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে ইরানি কর্মকর্তারা প্রায় প্রতিদিন আলোচনা করছেন। এমন একটি সমঝোতায় পৌঁছানো প্রয়োজন, যা ইরানের মৌলিক নীতি ও মূল্যবোধ রক্ষা করবে এবং ভবিষ্যতে দেশটির ওপর নতুন করে হামলার কথা ভাবা থেকে প্রতিপক্ষকে বিরত রাখবে।

তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে না। আবার সংঘাত নতুন করে শুরু হতে পারে এমন অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়াও ইরানের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। সংঘাতের আশঙ্কা অব্যাহত থাকলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাও কঠিন হয়ে পড়বে।

পেজেশকিয়ান বলেন, ইরানের শক্তি বজায় রেখেই যুক্তির মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি হওয়া একটি সমঝোতা স্মারকেরও (এমওইউ) পক্ষে অবস্থান নেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই সমঝোতায় আত্মসমর্পণের কোনো শর্ত নেই এবং তেহরানকে কোনো ধরনের ছাড় দেওয়ার কথাও বলা হয়নি।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের শত্রুতা সাময়িকভাবে থামে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

তবে সমঝোতা বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী আলোচনা থমকে আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।