গিনিতে আবর্জনা ধসে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের করুণ মৃত্যু হয়েছে।

রোববারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ভারী বৃষ্টির জেরে ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাতভর বৃষ্টির ফলে পচা আবর্জনার বিশাল স্তূপ পার্শ্ববর্তী বসতির ওপর ধসে পড়লে অনেকে জীবন্ত চাপা পড়েন।

ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।

স্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাটি খালি করার নির্দেশ দেওয়া হলেও বহু পরিবার তা অমান্য করে থেকে যায়।

এ ঘটনার পর বেঁচে যাওয়া বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দার-এস-সালাম এলাকাটি কোনাক্রির প্রধান উন্মুক্ত বর্জ্যভাগাড় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ষার ভারী বৃষ্টিই এমন বড় বিপর্যয়ের প্রধান কারণ।

সোর্স: এএফপি ও রয়টার্স।