ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, ২ ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো ৬০ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধকে পেটানোর ঘটনা ঘটেছে।

এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দুই ইসরায়েলি তরুণকে আটক করেছে পুলিশ।

পশ্চিম তীরের হেবরন শহরের দক্ষিণে মাসাফের ইয়াত্টা অঞ্চলের আল-রাকিজ গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, নিকটবর্তী অবৈধ ইসরায়েলি বসতির ১৬ বছর বয়সী এক তরুণ পেছন থেকে এসে শেখ সাঈদ আল-আমুর নামের ওই ফিলিস্তিনি বৃদ্ধকে লাঠি দিয়ে সজোরে আঘাত করতে শুরু করে। ভুক্তভোগী বৃদ্ধটি নিজের লাঠি সোজা করে দাঁড়ানোর চেষ্টা করার সময়ই এ আক্রমণের শিকার হন।

এই পুরো ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে ১৭ বছর বয়সী আরেক তরুণকেও আটক করেছে পুলিশ এবং হামলায় ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। মূল অভিযুক্ত তরুণ এখনো পুলিশ হেফাজতে থাকলেও দ্বিতীয় তরুণকে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী সাঈদ আল-আমুর স্থানীয় একজন পরিচিত কৃষক ও ভূমি অধিকার আন্দোলনকর্মী। ২০২৫ সালের এপ্রিলে নিজের কৃষিজমিতে বসতি স্থাপনকারী এক নিরাপত্তা কর্মকর্তার গুলিতে গুরুতর আহত হলে তাঁর ডান পা কেটে ফেলতে হয়েছিল।

মাসাফের ইয়াত্টা অঞ্চলে ইসরায়েলি বসতি প্রসার ও সামরিক কড়াকড়ির কারণে স্থানীয় ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আল-জাজিরা