ইরানের সশস্ত্র বাহিনীর এলিট শাখা ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ ৫ কমান্ডারের তথ্য পেতে ১০ মিলিয়ন বা ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
একই সাথে তথ্যদাতাদের যুক্তরাষ্ট্রে বা নিরাপদ কোনো দেশে পুনর্বাসনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
তথ্য চাওয়া এই ৫ সামরিক কর্মকর্তা হলেন:
- আহমাদ ওয়াহিদি: আইআরজিসি প্রধান।
- আলী আবদুল্লাহি: খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান।
- সাঈদ আগাজানি: আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ড্রোন কমান্ডার।
- হামিদরেজা লাশগারিয়ান: আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান।
- মাজিদ খাদেমি: ইরানের গোয়েন্দা দপ্তরের শীর্ষ কমান্ডার।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যে কেউ যদি এই কর্মকর্তাদের অবস্থান বা কার্যক্রম সংক্রান্ত সুনির্দিষ্ট ও কার্যকরী তথ্য দিতে পারেন, তবে তাঁরা মোটা অঙ্কের অর্থ পুরষ্কারের পাশাপাশি নিরাপদে অন্য দেশে পুনর্বাসিত হওয়ার যোগ্যতা অর্জন করবেন।