গ্রিসের ক্রিট উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ক্রিটের কাছে সমুদ্র থেকে উদ্ধার হওয়া কয়েকশ অভিবাসীর মধ্যে এটিই সর্বশেষ দল।

গ্রিক কোস্টগার্ডের একজন প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন ক্রিটের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুজন নারী ও দুজন নাবালিকা রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে গ্রিসের সংবাদ সংস্থা এএনএ ৮৫ জন অভিবাসী উদ্ধারের কথা জানালেও পরে কোস্টগার্ড ৭৯ জনের তথ্য নিশ্চিত করে। সংস্থাটি আরও জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে অভিবাসী আগমনের সংখ্যা কমেছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এএনএ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে গ্রিসে আগত অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৬১ হাজার। পরবর্তী ১২ মাসে তা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে, অর্থাৎ আগমনের হার প্রায় ৩১ শতাংশ কমেছে।

এদিকে গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতি অনুসরণ করছেন। অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার সুবিধার্থে জোটের বাইরে ‘রিটার্ন হাব’ বা ফেরত কেন্দ্র স্থাপনের জন্য জার্মানি ও কয়েকটি ইইউ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গ্রিস।