উত্তর-পূর্ব আলজেরিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত এবং কমপক্ষে ৫৪ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাণহানি এড়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে ডজন ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সাইয়ুদ সাংবাদিকদের জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জিজেল, বেজাইয়া এবং তিজি ওজু প্রদেশে। জিজেল প্রদেশে ৫ জন, বেজাইয়ায় ৪ জন এবং তিজি ওজুতে ৩ জনের মৃত্যু হয়েছে। বেজাইয়ার সুক এল থেনাইন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আলজেরিয়া প্রেস সার্ভিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ৫৪ জন দগ্ধ ব্যক্তির মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সাঈদ সাইয়ুদ জানান, বুধবার এক দিনেই দেশজুড়ে ১৫৪টি স্থানে দাবানলের সৃষ্টি হয়। এর মধ্যে কেবল বেজাইয়া প্রদেশেই ছিল ৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা, যার মধ্যে ১৮টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বর্তমানে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, যা দাবানলকে আরও উস্কে দিয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা স্কিকদা, এল তার্ফ, বুইরা, তিজি ওজু এবং তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বেজাইয়ার ১৮টি স্থানে এবং জিজেলের ১২টি পৌরসভায় এখনো আগুন জ্বলছে। দাবানলের প্রচণ্ড ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের ডাকঘরে আশ্রয় নিতে দেখা গেছে।
সাধারণত চরম গ্রীষ্মের মৌসুমে আলজেরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় বনভূমিতে প্রায়শই প্রাণঘাতী দাবানল দেখা দেয়। তীব্র তাপদাহ, প্রচণ্ড বাতাস, খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই অঞ্চলগুলোতে প্রতিনিয়ত বিপর্যয় মারাত্মক রূপ নিচ্ছে।
সূত্র: আল-জাজিরা