ইরান সংকটের মুখে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে অন্তত ৭ মাসের জন্য বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫ হাজার সেনাসদস্যসহ রণতরীটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হবে। এটি সেখানে গিয়ে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এর স্থলাভিষিক্ত হবে, যা গত সপ্তাহে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছিল।
ইউএসএনআই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্টের অধিনায়ক তার ক্রু সদস্যদের আট মাসের একটি দীর্ঘ মেয়াদি অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ওপর যে টানা অপারেশনের চাপ সৃষ্টি হয়েছে, তা সামাল দিতেই ওয়াশিংটনের এই নতুন পদক্ষেপ।